শেরপুরে কলেজছাত্রী উদ্ধারের দাবিতে মানববন্ধন

শেরপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর অপহূত ছাত্রী ফারজানা আফরীনকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে শেরপুরে মানববন্ধন হয়েছে। শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল গণি, চেম্বার সভাপতি গোলাম মোহাম্মদ কিবরিয়া, মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষ্মী, সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, রাজনীতিক আওয়াল চৌধুরী, শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর সকালে শহরের খরমপুর এলাকায় একটি কোচিং সেন্টারে ক্লাস করতে যাওয়ার পথে সরকারি কলেজের ছাত্রী ফারজানা আফরীনকে মীরগঞ্জ এলাকার কেলসু শিয়ার ছেলে চিহ্নিত সন্ত্রাসী জয়নাল আবেদীন তার দলবলসহ অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই ফারজানা আফরীন নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হলেও অদ্যাবধি অপহূতা কলেজ ছাত্রী উদ্ধার কিংবা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।