ঝিনাইদহে ৭৬ কোটি টাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে

ঝিনাইদহে সরকার ৭৬ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এটিই ঝিনাইদহে বড় উন্নয়ন প্রকল্প। এ কলেজের অবকাঠামো নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থান নির্বাচন ও জমি অধিগ্রহণে দেরি হওয়ায় নির্মাণ কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। এ টেক্সটাইল কলেজ নির্মাণের সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলি আজম জানান, ঝিনাইদহ ঢাকা মহাসড়কের পাশে আডুয়াকান্দি গ্রামে ৫ একর জমির উপর এ শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। মাস তিনেক আগে জমি হুকুম দখল করা হয়েছে। প্রকল্প কর্তৃপক্ষ জমির দখল বুঝে নিয়েছে। প্রকল্প পরিচালক বস্ত্র মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মনোয়ার হোসেন জানান, ইতিমধ্যে একাডেমিক ও প্রশাসনিক ভবনের টেন্ডার হয়ে গেছে। কিছু দিনের মধ্যে নির্মাণ কাজ শুরু হবে। এরপর ছাত্র ও ছাত্রীদের হোস্টেল, শিক্ষক-কর্মচারীদের বাস ভবনসহ অন্যান্য ভবনাদি পর্যায় ক্রমে নির্মাণ করা হবে। তিনি আরো জানান, ২০১৫ সালের জুনে এ টেক্সটাইল কলেজের অবকাঠামো নির্মাণ শেষ হবে। তারপর একাডেমিক কার্যক্রম শুরু হলে প্রতি বছর ৮০ জন করে ছাত্র-ছাত্রীকে ভর্তি করা হবে। ৪ বছর মেয়াদী কোর্সে পাস করার পর ছাত্র-ছাত্রীরা টেক্সটাইলে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাবে। উল্লেখ্য, খুলনা বিভাগে এটিই একমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।এর আগে বিএনপি সরকারের আমলে ৮৬ কোট টাকা ব্যয়ে নির্মিত ভেটরিনারি কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, মূক ও বধির স্কুল, ইনিস্টিটিউট অব হেলথ টেকনোলজি, শিশু হাসপাতাল, স্যালাইন ফ্যাক্টরির নির্মাণ করা হয়। কিন্তু লোকবল নিয়োগ না হওয়ায় জনসেবামূলক এ সব প্রতিষ্ঠািনগুলো চালু হয়নি। হাট গোপালপুরে একটি ২০ বেডের হাসপাতাল নির্মাণ প্রকল্প ৬ বছর ধরে ঝুলে আছে। জমি হুকুম দখলের কাজ অনেক আগে শেষ হয়েছে।