পীরগঞ্জে ভাইয়ের হাতে ভাই নিহত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
পীরগঞ্জ উপজেলার মাটিয়ানী গ্রামে ভাপা পিঠা খাওয়া নিয়ে পারিবারিক কলহে দু’পরিবারের মধ্যে মারামারিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই সুরেশ চন্দ্র (৪৫) নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩ জন। এ ঘটনায় পুলিশ নিহতের ভাই নুরেশ ও ভাতিজা মিনতকে গ্রেফতার করেছে। পীরগঞ্জ থানা ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মিয়া জানান, পীরগঞ্জ উপজেলার মাটিয়ানী গ্রামের মোহন চন্দ্রের ছেলে সুরেষের পরিবারের সাথে ভাপা পিঠা খাওয়া নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ছোট ভাই নুরেশের পরিবারের লোকজনের মারামারি হয়। এতে সুরেশসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়। রাতে তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অশংকাজনক অবস্থায় সুরেশকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ বিষয়ে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে।