শেরপুর জি,কে পাইলট স্কুলের নির্বাচনে নিষেধাজ্ঞা

শেরপুর জি,কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে বিধি বহির্ভূতভাবে প্রণীত ভোটার তালিকার মাধ্যমে গত ১২ ডিসেম্বর ঘোষিত নির্বাচনী তফসিলের ওপর আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন। সেই সঙ্গে মামলায় বিবাদি শ্রেণীভুক্ত ৭ জনকে দুই দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। শেরপুর সদর উপজেলা সিনিয়র সহকারী জজ আদালতের ভারপ্রাপ্ত শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আখতারুজ্জামান বুধবার (২ জানুয়ারি) এই আদেশ প্রদান করেন। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ৩ জানুয়ারি ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। ওই বিদ্যালয়ে অধ্যয়নরত ৯ম শ্রেণীর ছাত্র বুলবুল আহমেদের পিতা এবং বিদ্যালয়ের একজন হিতাকাঙ্ক্ষি সচেতন অভিভাবক হিসেবে মো. দুলাল হোসেন বাদি হয়ে বুধবার শেরপুরের সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন।