শ্রীলংকা ক্রিকেটকে
বর্জনের আহ্বান
তামিলদের
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) শ্রীলংকা-অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান টেস্টে গত বৃহস্পতিবার স্টেডিয়ামের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে তামিলরা। গৃহযুদ্ধ চলাকালে কলম্বোতে মানবাধিকার লংঘনের অভিযোগ এনে শ্রীলংকান ক্রিকেটকে বর্জনের জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান দ্বীপ দেশটির ক্ষুদ্র এ জাতিগোষ্ঠীর বিক্ষোভকারীরা।
মানবাধিকার সংগঠনগুলোর হিসাবমতে বিদ্রোহী তামিল টাইগারদের বিরুদ্ধে ২০০৯ সালে সমাপ্ত হওয়া যুদ্ধের শেষ এক মাসে প্রায় ৪০ হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং তারপর থেকে শ্রীলংকাকে মানবাধিকার লংঘনের দায়ে অভিযুক্ত করে আসছে।
দক্ষিণ আফ্রিকার জাতিগত দাঙ্গা অবস্থার সঙ্গে তুলনা করে স্বল্পসংখ্যক তামিল ও শরণার্থী কর্মী এ বিক্ষোভে অংশ নিয়ে শ্রীলংকার ক্রিকেট দলকে বর্জন করার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতি আহ্বান জানান।
শ্রীলংকা দল এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলছে। ইতিমধ্যেই ২-০ ম্যাচে এগিয়ে গেছে স্বাগতিক দল। এরপর সীমিত ওভারের সিরিজ খেলবে দল দু’টি।-বাসস/এএফপি