ভারতীয় কোচের আলোচনায় গাঙ্গুলির নাম

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে ডানকান ফ্লেচারের বদলি হিসেবে সৌরভ গাঙ্গুলিই আদর্শ প্রার্থী বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক গুন্ডাপ্পা বিশ্বনাথ। ইডেন গার্ডেনে ভারত-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট এসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে কোলকাতায় এসে তিনি এ মত দেন। বিশ্বনাথ বলেন, ‘গ্যারি কার্স্টেন পারলে গাঙ্গুলি কেনো ভারতীয় দলের কোচ হতে পারবেন না? কিন্তু সব কিছুই নির্ভর করছে বিসিসিআই’র ওপর এবং এ ব্যাপারে গাঙ্গুলিকে সিদ্ধান্ত নিতে হবে।’ ভারতীয় ক্রিকেটের সাবেক এই তারকা ব্যাটসম্যান বিশ্বনাথ অবশ্য অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও সমর্থন করে বলেন, ‘শেষ দুটি সিরিজ বাদ দিলে ধোনির রেকর্ড অনেক ভালো।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি দলেরই এক একটা খারাপ সময় আসে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার বেলায়ও আমরা সেটা দেখেছি। কেউ কেউ ঘুরে দাঁড়াতে কিছুটা সময় নেয়। ভারত এখন এরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’ তিনি কথাগুলো বলেন কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেটিতে ভারতীয় দলের হারের আগে। তবে শুধু বিশ্বনাথই নয়, ক্রান্তিকালের মধ্যে থাকা ভারতীয় দলের পালাবদলের জন্য ডানকান ফ্লেচারের মেয়াদ শেষে তার উত্তরসূরি হিসেবে গাঙ্গুলিকে ফেভারিট ভাবছেন অনেকে। বৃটেনের মেইলঅনলাইন জানায়, সমর্থক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকে ভারতের সাবেক অধিনায়ককে এগিয়ে রাখছেন। তাছাড়া ভারতীয় সমর্থকরাও চাইছেন পরবর্তী কোচ যেন তাদের দেশীয় কেউ হন। ফ্লেচারের অধীনে ভারত ২০টি টেস্ট খেলে জিতেছে কেবল ছয়টিতে। ২০১১ সালে বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব নেয়া জিম্বাবুয়েতে জন্মানো ফ্লেচারের অধীনে ক্রিকেটের সংক্ষিপ্ত ঘরানাতেও ভাল ফর্মে নেই মহেন্দ্র সিং ধোনির দল। গাঙ্গুলি অবশ্য এ ব্যাপারে সরাসরি কোন মত দেননি। তবে দরজা খোলা রাখেন। পত্রিকাটিকে গাঙ্গুলি বলেন, ‘আমি বলবো না যে আমি ভারতীয় দলের কোচ হতে চাই না। তবে এই সময়ে আমি বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছি না। আবার আমি খুব দূরের কোন বিষয় নিয়ে চিন্তা-ভাবনায় বিশ্বাসী নই। আমার জীবন দর্শন হলো কিছু বিষয় আপনাআপনিতেই চলে আসে। আপনি কখনোই জানেন না ভবিষ্যতের গর্বে কি লুকিয়ে আছে। কাজেই খুব বেশি ভাবার দরকার কি?’ উল্লেখ্য, কয়েকদিন আগে গাঙ্গুলি নিজেও বলেছিলেন যে আগামী বছর থেকে দলের কোচ হিসাবে ভারতীয় কাউকে যেন নিয়োগ দেয়া হয়। তার মতে দলের কোচ হওয়ার মতো অনেক মেধাবী ভারতীয় রয়েছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের দলে একজন ভারতীয় কোচ থাকা দরকার এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের কোচ হওয়ার মত ভারতে অনেক মেধাবী ব্যক্তি রয়েছেন। ’—বাসস/পিটিআই/মেইলঅনলাইন