অস্ট্রেলিয়া এগিয়ে থাকলো ৪৮ রানে

ব্যাটসম্যানদের নৈপুণ্যে সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই শ্রীলংকাকে পেছনে ফেললো স্বাগতিক অস্টে্রলিয়া। প্রথম ইনিংসে সফরকারীদের করা ২৯৪ রানের জবাবে গতকাল শুক্রবার ছয় উইকেটে ৩৪২ রান তুলে দিনের খেলা শেষ করেছে অজিরা। ফলে স্বাগতিকরা এগিয়ে থাকলো ৪৮ রানে। অস্ট্রেলিয়া টেস্টটির প্রথম দিনের শেষ বিকেলে শ্রীলংকাকে ২৯৪ রানে অলআউট করে দিয়েছিল। তাই কাল দিনের শুরুতেই ব্যাটিং করতে নামে অজিরা। তবে সূচনাটা খুব বেশি ভালো হয়নি তাদের। দলীয় ৩৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। ওপেনার এড কাওয়ান মাত্র চার রান করেই রান আউট হয়ে যান। {কাওয়ানের বিদায়ের পর অপর ওপেনার ডেভিড ওয়ার্নার ও তিন নম্বরে নামা ফিলিপ হিউজ জুটি গড়ে শ্রীলংকার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকেন। ফলে দ্রুতই দু’জনে পেয়ে যান হাফ-সেঞ্চুরি। টেস্টে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি। নিজেদের ব্যাটিং দৃঢ়তা অব্যাহত রেখে দু’জনেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তুললেও শেষপর্যন্ত তা আর করে দেখাতে পারেননি তারা। ৮৫ রানে ওয়ার্নার ও ৮৭ রানে আউট হয়েছেন হিউজ। দলীয় ১৯৫ রানের মধ্যে এই দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অজিরা। অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য চার নম্বরে নেমে রানের চাকা সচল রাখেন। তাকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামা মাইক হাসি। কিন্তু ইনফর্ম ক্লার্কের সাথে জুটিটা বড় করতে পারেননি হাসি। ব্যক্তিগত ২৫ রানে ফিরেছেন তিনি। হাসির বিদায়ের কিছুক্ষণ পরই প্যাভিলিয়নে ফিরে যান ক্লার্ক। এর মধ্যেই টেস্ট ক্যারিয়ারের ২৫তম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। ৭৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর দিনের শেষভাগে আরো একটি উইকেট খোয়ায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নামের পাশে ১৩ রান করে আউট হন মিশেল জনসন। এরপর দিনের শেষভাগ আর কোন বিপদ ছাড়াই পার করে দেন উইকেটরক্ষক ম্যাথু ওয়াডে ও পেসার পিটার সিডল। ওয়াডে ৪৭ ও সিডল ১৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। শ্রীলংকার হয়ে ৬৯ রানে দুই উইকেট তুলতে সক্ষম হন স্পিনার রঙ্গনা হেরাথ। স্কোর কার্ড শ্রীলংকা ১ম ইনিংস: ২৯৪/১০ (লাহিরু থিরিমান্নে ৯১, মাহেলা জয়াবর্ধনে ৭২, জ্যাকসন বার্ড ৪/৪১) অস্ট্রেলিয়া ১ম ইনিংস ডেভিড ওয়ার্নার ক প্রসাদ ব দিলশান ৮৫ এড কাওয়ান রান আউট (প্রদীপ/প্রসাদ) ৪ ফিলিপ হিউজ ক চান্ডিমাল ব হেরাথ ৮৭ মাইকেল ক্লার্ক ক কারুনারত্নে ব হেরাথ ৫০ মাইক হাসি রান আউট (কারুনারত্নে) ২৫ ম্যাথু ওয়াডে অপরাজিত ৪৭ মিশেল জনসন ক চান্ডিমাল ব প্রদীপ ১৩ পিটার সিডল অপরাজিত ১৬ অতিরিক্ত (লে-৫, ও-৭, নো-৩) ১৫ মোট (৬ উইকেট, ৮৮ ওভার) ৩৪২ উইকেট পতন : ১/৩৬ (কাওয়ান), ২/১৬৬ (ওয়ার্নার), ৩/১৯৫ (হিউজ), ৪/২৫১ (হাসি), ৫/২৭১ (ক্লার্ক), ৬/৩০৭ (জনসন)। বোলিং : সুরাঙ্গা লাকমাল ২০-৪-৬৩-০, নুয়ান প্রদীপ ১৪-০-৮৩-১ (নো-৩, ও-১), ধাম্মিকা প্রসাদ ১১-০-৫৩-০ (ও-২), অ্যাঞ্জেলো ম্যাথুস ২-০-১১-০, তিলকরত্নে দিলশান ১৯-২-৫৮-১, রঙ্গনা হেরাথ ২২-৩-৬৯-২।-বাসস