নাবিলের ছয় উইকেটে স্বপ্ন দেখছে পূর্বাঞ্চল
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২০:৪২
প্রথম ইনিংস পিছিয়ে থেকেও জয়ের স্বপ্ন দেখতে পারছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। সোহাগ গাজী ও আব্দুর রাজ্জাকের পর মিরপুরে এবার বল হাতে ঝলক দেখালেন নাবিল সামাদ। ৮১ রানে নাবিলের ছয় উইকেটের কল্যাণেই পূর্বাঞ্চল জয়ের স্বপ্ন দেখতে পারছে। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ছয় ব্যাটসম্যানকে তিনি একাই সাজঘরে ফেরত পাঠিয়েছেন। নাবিলের এই ব্যাটিংয়ের পর জয়টা আরও কাছে নিয়ে এসেছে রাজিন ও নাফিস ইকবালের ব্যাটিং। প্রায় দুই ঘণ্টা ব্যাটিং করে ৯৩ রান তুলেছেন। আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে জয়ের জন্য পূর্বাঞ্চলের করতে হবে ১২৭ রান।
৭১টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নাবিলের কালকের ছয় উইকেট নিয়ে তার উইকেট শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪। দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান ও দলের সর্বোচ্চ স্কোরার এনামুল হক বিজয়ের উইকেটসহ প্রতিপক্ষের মিডল অর্ডার ভেঙ্গে দেয়ার কাজটি করেছেন নাবিল একাই। আগের দিনে ৬৫ রানে অপরাজিত থাকা বিজয়ের আবারো সুযোগ ছিল বড় ইনিংস খেলার। কিন্তু প্রথম ইনিংসে ৭৪ এর পর দ্বিতীয় ইনিংসেও ৭৩ রানে ফিরে গেছেন ড্রেসিংরুমে। প্রথম ইনিংসে ৩১ রান করা তুষার ইমরানও খেলেছেন কার্যকরি ৩৮ রানের ইনিংস। কিন্তু নাবিলের বোলিংয়ের সামনে আর কেউই বড় ইনিংস খেলার সুযোগ পাননি। ফলে আবারও প্রথম ইনিংসের মতো ঠিক ২৪৮ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চলের ইনিংস।
ফলে পূর্বাঞ্চলের সামনে জয়ের জন্য শেষ ইনিংসে ২৬৫ রানের লক্ষ্য দাঁড়ায়। এই লক্ষ্যকে যথেষ্ট করে তোলার মতো বোলিং কাল আর করতে পারেননি সোহাগ-রাজ্জাকরা। আগের ইনিংসে ৬ উইকেট পাওয়া গাজী ১৪ ওভার বল করেছেন মাত্র এক উইকেট পেয়েছেন। রাজ্জাকের অবস্থা আরো করুণ। প্রথম ইনিংসে চার উইকেট পাওয়া এই বোলার কাল ১৬ ওভার বল করে কোন উইকেটই পাননি। গাজীর সান্ত্বনা শাহরিয়ার নাফীসের উইকেট।
খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে অবশ্য রবিউল ইসলাম শিপলুর বলে এলবিডব্লিউ হন নাফীস। তবে তার ১৪৪ মিনিটের ৬৩ রানের চমত্কার ইনিংসটি ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলকে ম্যাচে এগিয়ে নিয়ে গেছে। রাজিন সালেহ ৩৬ রানে ও মোমিনুল হক ৫ রানে আজ চতুর্থ দিনে মাঠে নামবেন। জয়ের জন্য এখনো পূর্বাঞ্চলকে করতে হবে ৮ উইকেটে ১২৭ রান।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল- ২৪৮/১০ ও ২৪৮/১০ (এনামুল ৭৩, সৌম্য ৪৮, তুষার ৩৮, জিয়া ২৩, মিথুন ২০, কায়েস ১২, নাবিল ৬/৮১, তাপষ ৩/২৫)।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল- ২৩২/১০ ও ১৩৮/২ (নাফীস ৬৩ রাজিন ব্যাটিং ৩৬ শাহরিয়ার ২৩, রবিউল ১/৪০)
জয়ের জন্য পূর্বাঞ্চলের প্রয়োজন ১২৭ রানের।