মাধবপুরে লোড নিয়ন্ত্রণ কেন্দ্রে
আটকা পড়েছে সহস্রাধিক ট্রাক
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০১৩, ২১:২১
ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুরের জগদীশপুর এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রে গতকাল শুক্রবার প্রথমদিনেই অতিরিক্ত মালামাল পরিবহনের কারণে সহস্রাধিক ট্রাক আটক করা হয়েছে।এইসব ট্রাকের মালামাল কমিয়ে আসার জন্য ফিরিয়ে দেয়া হয়েছে। তবে মালামাল না কমিয়ে ঢাকা-সিলেট পুরাতন সড়কে ট্রাক রেখে সুযোগের অপেক্ষা রয়েছেন ট্রাক চালকরা। ৬ চাকার ট্রাক ১৫ টন এবং ১০ চাকার ট্রাক ২২ টনের অতিরিক্ত মালামাল পরিবহন করতে পারবে না বলে সড়ক বিভাগ জানিয়েছে।
গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ লোড নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন করেন।সার্বক্ষণিক কেন্দ্রে রয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান ও মাধবপুর থানার ওসি অমল কুমার ধরসহ সড়ক বিভাগের লোকজন।
গত বুধবার যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জগদীশপুরে এক্সেল লোড নিয়ন্ত্রণ এ কেন্দ্রের উদ্বোধন করেন। উদ্বোধনকালে মন্ত্রী সাংবাদিকদের জানান, মহাসড়ক ও ব্রিজগুলো রক্ষার স্বার্থে এ এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।