রাজশাহীতে ব্যবসায়ীদের হাতে ম্যাজিস্ট্রেট ও ফায়ার সার্ভিস কর্মকর্তা লাঞ্ছিত

রাজশাহীর লক্ষীপুরে ওষুধ ব্যবসায়ীদের হাতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা লাঞ্ছিত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওষুধের দোকানে অগ্নি অনুমতিপত্র আছে কিনা যাচাইয়ের জন্য বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আফাজ উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অভিযান চালায়। নগরীর ওল্ড রাজশাহী ফার্মেসিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ম্যাজিস্ট্রেট মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় দোকানের লোকজন জরিমানা না দিয়ে ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর হামলা করে। অন্য ওষুধ ব্যবসায়ীরাও ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের লাঞ্ছিত করে এবং দোকান বন্ধ করে দিয়ে মিছিল বের করে। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নূরুল ইসলামের র্যাংক ও ব্যাজ ছিঁড়ে ফেলে। ওষুধ ব্যবসায়ীদের বাঁচাতে গিয়ে পুলিশের এএসআই সাজ্জাদ অচেতন হয়ে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান বন্ধ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নূরুল ইসলাম নগরীর রাজপাড়া থানায় তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাত ১০-১২ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। তবে শুক্রবার বিকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।