সীমান্তে পাখির মত গুলি করে মানুষ মারা হচ্ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মহাজোট সরকার মহাচোরে পরিণত হয়েছে। মহাজোট সরকার শেয়ার বাজারের টাকা লুট করে হাজার হাজার বিনিয়োগকারীকে পথে বসিয়েছে। সোনালী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাত্ করেছে। পদ্মা সেতুতে দুর্নীতি করেছে, যার কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুর বিনিয়োগের সিদ্ধান্ত থেকে দূরে সরে গেছে। দেশব্যাপী টেন্ডারবাজি, চাঁদাবাজির মাধ্যমে জনগণের টাকা লুটে নেয়া হচ্ছে। সীমান্তে পাখির মত গুলি করে মানুষ মারা হচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না। তিনি গতকাল শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখা আয়োজিত নগরীর খালিশপুর শ্রমিক ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। চরমোনাই পীর সাহেব সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন, নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আমীর মাওলানা মোজাম্মেল হকের সভাপতিত্বে জনসভায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, আলহাজ্ব মাওলানা গাজী নূর আহম্মেদ, মুফতী মাহবুবুর রহমান, আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুফতী রশিদ আহম্মেদ প্রমুখ।