শুরু হচ্ছে মোশাররফ-নিপুণের ‘রেড সিগন্যাল’

আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ধারাবাহিক নাটক ‘রেড সিগন্যাল’। এ উপলক্ষে গতকাল বেলা ১২টায় বাংলাভিশনের নিজস্ব কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাভিশনের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ, রেড সিগন্যাল নাটকের অভিনয়শিল্পী মোশাররফ করিম ও নিপুণ এবং নাটকের পরিচালক মাসুদ সেজান, বাংলাভিশনের উর্ধ্বতন অনুষ্ঠান ব্যবস্থাপক দেওয়ান শামসুর রকিব, অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ‘রেড সিগন্যাল’ ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন—ড. ইনামুল হক, মোশাররফ করিম, নিপুণ, মারজুক রাসেল, আখম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, তারিক স্বপন, আইরিন তানি, সাজ্জাদ রেজা, অশোক বেপারী, ইকবাল বাবু, মিলন ভট্ট, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, সফিক খান দিলু প্রমুখ। মাসুদ সেজান বলেন, ‘আমার অন্যান্য নাটকের মতোই এতে হিউমার থাকবে, স্যাটায়ার থাকবে, সর্বোপরি জীবনবোধের অনুসঙ্গ হিসেবে চারপাশের চেনা মানুষ, চেনা সংকট আর অচেনা সম্ভাবনার এই নাটকটি দর্শকের ভালো লাগবে।’