আজ শেষ ওয়ানডে
সমালোচনায় মুখর ভারত
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫০
১৯৮৩-৮৪ মৌসুমে দেশের মাটিতে শেষবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয়েছিল সে সময়ের বিশ্বজয়ী ভারত দলকে। এবারো বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সামনে হোয়াইটওয়াশের হুমকি। পার্থক্য শুধু একটাই। সেবার তাদের হোয়াইটওয়াশ করে বিশ্বকাপ ফাইনাল হারের বদলা নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ; আর এবার তাদের লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। টানা দুই ম্যাচ হারে আজ দিল্লিতে তিন যুগ পর দেশের মাটিতে হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে মাঠে নামছে ধোনির দল। আর বিপুল চাপের ম্যাচের আগে সমালোচনাও সঙ্গী হচ্ছে ভারতের।
ওয়ানডে সিরিজের শুরু থেকেই ফর্মে নেই বিশ্বজয়ী ভারতীয় দল। আর এই বাজে পারফরমেন্সের কারণে সমালোচনাও কম শুনতে হচ্ছে না তাদের। সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কারের আঙ্গুল আইপিএলের দিকে। তিনি বলেন, ‘ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন ২০১১ সালে বিশ্বকাপের পর পরই দলে যাদের অবস্থান নিশ্চিত হয়ে গেছে তারা জাতীয় দলে একটা জাতীয় দলের ব্যাপারে এক ধরনের তাচ্ছিল্য দেখাচ্ছে আর দলের অনেকেই আইপিএলে খেলাকেই প্রাধান্য দিচ্ছে। ’
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের ওয়ানডে সিরিজে পরাজিত হওয়া প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি মনে করি ঐ সকল খেলোয়াড় ভারতীয় দলের প্রতি নজর না দিয়ে তারা আইপিএল ফ্রাঞ্জাইজিগুলোর জন্য অবদান রাখতেই বেশি মনোযোগী। যদি তোমার একটা বিশ্রাম দরকার হয় তাহলে তোমার ক্লাব ম্যাচ থেকে বিশ্রাম নেয়া দরকার।
পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে বৃহস্পতিবার ইডেনের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে পরাজিত হয়ে ইতোমধ্যেই ০-২ তে ভারতীয় দলের সিরিজ পরাজয়ের জন্য তিনি ব্যাটিং লাইনআপকেই দায়ী করেন।
তিনি বলেন, বোলারদের চেয়ে (ভারতে) ব্যাটসম্যানরাই বেশি পরিচিত। একমাত্র তারাই দায়ী। ২০১১ সালের বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানরা ফর্মে নেই। তারা বিক্ষিপ্তভাবে ফর্ম দেখাচ্ছে।’
ভারতীয় দলের গত এক বছরে খুবই খারাপ পারফরমেন্সের জন্য আইপিএলই দায়ী গাভাস্কারের এমন অভিমতকে সমর্থন করেন ইমরান খান। পাকিস্তানের সাবেক ও অধিনায়ক বলেন, ‘আইপিএল, টি-টোয়েন্টি, টেস্ট এবং আইপিএলের ব্যাবসায়িক দৃষ্টিভঙ্গির মধ্যে একটা ভারসাম্য না আনা পর্যন্ত ভারতীয় ক্রিকেট অতি দ্রুত অধঃপতনের দিকে যাবে।’
সিরিজের শেষ ম্যাচে শান্তনার জয় পেতে ভারত দলে কিছু পরিবর্তন আনতে পারে। এক ওয়ানডে পর দলে ফিরতে পারেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে টানা দুই ম্যাচে জয় ছিনিয়ে আনা একাদশের উপরই আস্থা রাখছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
এদিকে ম্যাচের আগে সিরিজে ইনজুরির কারণে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির দলে থাকা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। ফলে জরুরী ভিত্তিতে দলে ডাকা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিককে।