আজ মাঠে নামছে আর্সেনাল লিভারপুল
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ রাতে মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট আর্সেনাল এবং লিভারপুল। সোয়ানসি সিটির বিপক্ষে খেলবে আর্সেনাল আর লিভারপুলকে আতিথেয়তা দেবে ম্যানসফিল্ড।
ইনজুরি সমস্যা খুব একটা না থাকায় সোয়ানসি সিটি আজ তাদের ঘরের মাঠ লিবার্টি স্টেডিয়ামে নামতে পারছে পূর্ণ শক্তি নিয়েই। দলের প্রধান খেলোয়াড়দের মধ্যে তারা পাচ্ছে না কেবল নেইল টেইলরকে। অ্যাঙ্কেল ইনজুরির কারণে অন্তত আগামী মে পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে তাকে।
ওদিকে আর্সেনালের ইনজুরি আক্রান্ত খেলোয়াড়দের তালিকা বেশ দীর্ঘই। আর্সেন ওয়েঙ্গারের দল আজ মাঠে পাচ্ছে না আবু দিয়াবা এবং আন্দ্রে সান্তোসকে। ইনজুরির কারণে হয়তো মাঠে নামতে পারছেন না ভিটো ম্যানোয়ি আর ইমানুয়েল ফ্রিমপং। চলতি দলবদল মৌসুমে ওয়েস্টহ্যামে যাওয়া যোগ দেয়াটা অনেকটা নিশ্চিত করে ফেলা স্ট্রাইকার মারুয়েন চামাখকে হয়তো খেলাবেন না কোচ। তবে সাউদাম্পটনের বিপক্ষে বাজে পারফরম্যান্সের কারণে ফরাসি ডিফেন্ডার ব্যাকারি সাগনার জায়গায় নিতে পারেন কার্ল জেনকিনসন।
এফএ কাপের আরেক ম্যাচে ম্যানসফিল্ডের বিপক্ষে ওয়ান কল স্টেডিয়ামে মাঠে নামছে লিভারপুল। ম্যানসফিল্ডের মূল ভরসা হিসেবে আছেন এ মৌসুমে এখনো পর্যন্ত ছয় গোল করা স্ট্রাইকার জেইক স্পেইড। আর তাকে পেছন থেকে বল যোগানোর দায়িত্বে আছেন মিডফিল্ডার অ্যান্থনি হাওয়েল।
তুলনামূলক বিচারে দুর্বল প্রতিপক্ষের মুখোমখি হয়ে দলে কিছু অদল বদল করতে পারেন লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স। চেলসি থেকে সদ্যই অল রেড শিবিরে যোগ দেয়া ডানিয়েল স্টারিজ নামতে পারেন মাঠে। অসুস্থতার কারণে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে খেলতে না পারা নিয়মিত গোলরক্ষক ব্রাড জোন্স আসতে পারেন পেপ রেইনার জায়গায়।