চলতি বছর ছবিমুক্তি ১শ’ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
বছরের শুরুতে যে কটি ছবির জন্য এফডিসিতে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই হিসাব ধরলে ২০১৩ সালে ছবি রিলিজের সংখ্যা ১০০ পেরুনোর সম্ভাবনা রয়েছে। গত ৫ বছর ছবি নির্মাণ ও মুক্তির সংখ্যা বছরের পর বছর কমে যাওয়ায় চলচ্চিত্র শিল্পের সকলের যখন পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য এই ছবি নির্মাণের উদ্যোগকে সকলে সাধুবাদ জানিয়েছেন। এই নব উদ্যমে তৈরি ছবিগুলোর অধিকাংশেরই নির্মাতা বয়সে একেবারেই তরুণ। এছাড়া গত দুই মাসে একাধিক ব্যক্তি নির্মাতা পরিচালক হিসাবে নাম রেজিস্ট্রেশনেও আগ্রহী হয়েছেন। চলচ্চিত্র নির্মাণের এই নবজোয়ার প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি শহীদুল ইসলাম খোকন বলেন, ‘এটা অবশ্যই আশার কথা। তবে আমরা শুধু তরুণদেরই নয়, যারা সিনিয়র মেধাবী নির্মাতা রয়েছেন তাদেরও কাজের ব্যবস্থা করবো। তাদের জন্য আমরা নিজেরা উদ্যোগী হয়ে ফাইন্যান্সের ব্যবস্থা করবো।’
উল্লেখ্য, গত ৫ বছরের হিসাব থেকে দেখা যায়, প্রতিবছর ছবি রিলিজের ক্ষেত্রে এক শতকের ঘরে পৌঁছতে পারেনি এই ফিল্ম ইন্ডাস্ট্রি। সেখানে নতুনভাবে এই চলচ্চিত্র নির্মাণের জোয়ারকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। এছাড়া সহজ শর্তে ব্যাংক লোনেরও দাবি করেছেন অধিকাংশ নির্মাতা। এছাড়া তরুণ নির্মাতারা যাতে একটি ছবি তৈরি করেই আবার গুটিয়ে না যান সেদিকে নজর রাখতে এফডিসি কর্তৃপক্ষ বেশকিছু উদ্যোগ গ্রহণ করবে বলে জানা যায়।
শিগগিরই যে ছবিগুলো মুক্তি পাবে তার ভেতরে রয়েছে সানিয়াত-এর প্রথম পরিচালনায় শখ ও নিলয় অভিনীত ‘অল্প অল্প প্রেমের গল্প’। স্বপন আহমেদ এর দ্বিতীয় চলচ্চিত্র পরবাসিনী, এম এ জলিল অনন্তের পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘নি:স্বার্থ ভালবাসা’।