শীতার্তদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২০:৫৭
শৈত্য প্রবাহে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার রাতে ঢাকা মহানগরীর খিলগাঁও রেল ক্রসিং সংলগ্ন বস্তি এবং ইস্কাটন রোডস্থ সব্জি বাগান এলাকার শীতার্তদের মাঝে সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম এস আকবর, এমপি ৫ শত কম্বল বিতরণ করেন।
এ সময় সোসাইটির চেয়ারম্যান বলেন, আর্তমানবতা সেবামূলক এই প্রতিষ্ঠানটি সব সময়ই দুঃস্থ অসহায় জনগণের পাশে ছিল, আছে ও থাকবে। তিনি শীতার্ত অসহায় গরিব মানুষের সাহায্যার্থে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনকে এগিয়ে আসার অনুরোধ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান, ব্যবস্থাপনা পর্ষদ সদস্য আলহাজ্ব মোঃ আবুল বাসার, মহাসচিব ক্যাপ্টেন (অবঃ) আবু বকর ও সোসাইটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, সোসাইটির জাতীয় সদর দপ্তর থেকে একযোগে ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে ৫২ হাজার কম্বল প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ২৫টি রেড ক্রিসেন্ট ইউনিটে ২১ হাজার ৫ শত কম্বল প্রেরণ করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি