গত বছর ৬ লাখ ৯ হাজার বাংলাদেশি শ্রমিক বিদেশ গেছেন

গতবছরে ৬ লাখ ৯ হাজার বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার জানান, গতবছর বিপুলসংখ্যক শ্রমিক বিদেশে গেছে এবং বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার শিগগিরই চাহিদাপত্র পাঠালে দেশের জনশক্তি রফতানি ব্যাপকহারে বৃদ্ধি পাবে। তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর নাগাদ বিভিন্ন দেশে বাংলাদেশ ২০ লাখ ৪৩ হাজার ৬১৫ জন শ্রমিক পাঠিয়েছে এবং এ সময় প্রায় ৪৪ বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছে। এটা বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের সময়ের চেয়ে ৩৩ বিলিয়ন ডলার বেশি। তিনি আরো বলেন, মালয়েশিয়া তার চাকরির বাজার পুনরায় খুলে দিলে এবং সরকার বিদেশ গমনেচ্ছু শ্রমিকদের জন্য বিভিন্ন দেশের বাজার খুঁজতে থাকলে এবছর জনশক্তি রফতানি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, সরকার ২০১২ সালে ১৫৭টি দেশে ৬ লাখ ৯ হাজার ৫৭৩ জন শ্রমিক পাঠিয়েছে এবং ১৪ দশমিক ১৭৫ মিলিয়ন ডলার রেমিটেন্স গ্রহণ করেছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সরকার জনশক্তি রফতানি বাড়াতে নতুন নতুন দেশে ব্যাপক তত্পরতা চালাচ্ছে এবং বৈশ্বিক মন্দা সত্ত্বেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি বলেন, সরকার ভাষা, ওয়েল্ডিং, ইলেক্ট্রিক্যাল ডিভাইস, পাইপ ফিটিং, বৃক্ষ রোপণ, সেলাই, সড়ক নির্মাণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ কোর্স চালু করে দেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করারও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার উন্নয়ন কর্মসূচিতে এক লাখ থেকে দেড় লাখ বৈদেশিক শ্রমিক প্রয়োজন হবে। আর বাংলাদেশ মালয়েশিয়ায় ৫০ হাজার থেকে ৭০ হাজার শ্রমিক পাঠানোর প্রত্যাশা করছে।