১৭৩ দিন হরতালকারীদের মুখে হরতালের ভাল মন্দ মানায় না
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:০১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় থাকাকালে যারা ১৭৩ দিন হরতাল করেছে তাদের মুখে হরতালের ভাল-মন্দ মানায় না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাগপা ছাত্রলীগ আয়োজিত ‘স্বাধীনতা এনেছি-স্বাধীনতা রাখব’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাগপা ছাত্রলীগ সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান প্রমুখ।
এদিকে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত অবস্থান কর্মসূচিতে বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৮ দলের হরতালে সরকার বাধা দিলে লাগাতার হরতাল দেয়া হবে। হরতাল দিয়েই বর্তমান সরকারের পতন ঘটানো হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি ও হরতালের সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মেজর হানিফ প্রমুখ।