রাজস্থলীতে বন্য হাতির আক্রমণে আতংক

রাজস্থলী উপজেলায় দুর্গম ১নং ঘিলাছড়ি ইউনিয়নের আড়াছড়ি, ধনুছড়ি, আমতলীসহ বিভিন্ন গ্রামে বন্য হাতির আক্রমণে বসতবাড়ি ও ক্ষেত-খামার ধ্বংস হচ্ছে কয়েকদিন। ক্ষতির পরিমাণ বিশ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে । এলাকার পাইথুইঅং খিয়াং জানান, গত কয়েকদিন যাবত্ দল বেঁধে দুটি গ্রুপে হাতির পাল বসতবাড়ি ও ক্ষেত ধ্বংস করছে। গ্রামবাসী মশাল জ্বাালিয়ে, বাঁশ পুড়িয়ে বিকট শব্দ করেও হাতির পাল তাড়াতে পারছে না। আমতলী পাড়া প্রধান সুক্তি মোহন তঞ্চগ্যা (কারবারী) জানান, হাতির পাল তার বাড়িসহ চারটি ঘরবাড়ি ধ্বংস করেছে। একই গ্রামের অর্জনা সেন তঞ্চগ্যা, লক্ষি চন্দ্র তঞ্চগ্যা, রইত্যঅং তঞ্চগ্যার ঘরগুলোও হাতির পাল ধ্বংস করেছে। ফলে ঐ পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে। অন্যদিকে হাতির ভয়ে সবাই আতংকে রয়েছে। জুম ফসলের ক্ষেত ও বিভিন্ন কাজে যেতে লোকজন ভয় পাচ্ছে। অনেকে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছে অন্যত্র। এদিকে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাজস্থলী সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। হাতির পালগুলো দিনেরবেলা লোকালয় থেকে দূরে গহীন জঙ্গলে অবস্থান করছে। রাতে হলে বিভিন্ন ক্ষেতে হানা দিচ্ছে। এদিকে গ্রামবাসী হাতির পাল তাড়াতে কর্তৃপক্ষ কোন পদক্ষেপ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে।