কুবি ছাত্র ও এলাকাবাসীর মুখোমুখি অবস্থানের অবসান

কুমিল্ল¬া বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গতকাল শনিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ২টি সংযোগ সড়ক অবরোধ করে এলাকাবাসী। ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর গ্রামের বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে ছাত্রদের অগ্নিসংযোগের ঘটনায় গ্রামবাসীর মারমুখি অবস্থানে উত্তাল হয়ে ওঠে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ সময় কুবি’র ক্যাম্পাস সংলগ্ন সালমানপুর গ্রামবাসীর হাতে ৪টি আবাসিক হলে অবস্থানরত সহস্রাধিক শিক্ষার্থী অবরুদ্ধ হয়ে পড়ে। অভিযুক্ত ছাত্রদের বিচার ও নিরাপত্তার দাবিতে ময়নামতি জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে বিকালে পুলিশ, শিক্ষক, ছাত্র প্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে এক বৈঠকে বিষয়টির সমঝোতা হলে পরিস্থিতি শান্ত হয়। জানা যায়, গত শুক্রবার দুপুরে কুবি’র নজরুল হলের সামনে মাইক্রোবাসের নিচে পড়ে একটি ছাগল মারা যায়। এতে ছাগলের মালিক জাকির হোসেন মাইক্রোবাসের চালককে বেধড়ক মারধর করে। এ সময় হল থেকে তানভীর ও রেজা নামে দুই ছাত্র বাধা দিলে তারা ছাত্রদেরও মারধর করে। এ খবর কুবি’র আবাসিক হলে ছড়িয়ে পড়লে ছাত্ররা সংঘবদ্ধ হয়ে ঐদিন বিকালে জাকির হোসেনের বাড়ি যায়। তাকে না পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়।