ধাতব গৃহস্থালি পণ্যে আগ্রহ বাড়ছে

দিন যতই সামনে যাচ্ছে ততই জমে উঠছে বাণিজ্যমেলা। বাড়ছে দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়। শীত কমে যাওয়ায় পড়ন্ত বিকালে দর্শনার্থীদের স্রোত থাকে মেলা প্রাঙ্গণের দিকে। রাত ১০টার পূর্ব পর্যন্ত লোকারণ্য থাকে মেলা প্রাঙ্গণ। মেলায় অন্যান্য স্টল ও প্যাভেলিয়নের তুলনায় বেশি ভিড় দেখা যায় গৃহাস্থালি পণ্যের স্টল ও প্যাভেলিয়নগুলোতে। এবারে মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল ও প্যাভেলিয়নে গৃহাস্থালির পণ্য এসেছে। এসব স্টল ও প্যাভেলিয়নের মধ্যে রয়েছে: আর রহমান এন্টারপ্রাইজ, কোহিনুর স্টীল ওয়ার্কস এ্যান্ড প্লাস্টিক, এশিয়ান স্কাইল শপ, কিমা বাবু এন্টারপ্রাইজ, এপি ফ্যাশন, রয়ালেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ, মা এন্টারপ্রাইজ, পাকিস্তানি এলুমিনিয়াম, সুমি এন্টারপ্রাইজ, স্কাই শপ, দিল্লি এলুমিনিয়াম ইত্যাদি। এসব স্টল ও প্যাভেলিয়নে মেটাল, এলুমিনিয়াম, দস্তা, লোহা ও টিনের তৈরি গৃহাস্থালি পণ্য রয়েছে। দেশি পণ্যের চেয়ে বিদেশি পণ্যের ক্রেতাদের আকর্ষণ বেশি; কিন্তু গত বছরের তুলনায় বিদেশি গৃহাস্থালি পণ্যের দাম বেশি। এর কারণ হিসাবে পাকিস্তানি এলুমিনিয়াম স্টলের ইনচার্জ মো. শাকির আহমেদ ইত্তেফাককে জানান, পণ্য তৈরির উপকরণ ও সরবরাহ খরচ বেশি, পণ্যের দাম এর প্রধান কারণ। মেলায় গৃহস্থালি পণ্যের উপর কোনো ছাড় দিচ্ছেন না ব্যবসায়ীরা। প্রতি বছর মেলায় আসে দিল্লি এলুমিনিয়ামের নানা ডিজাইনের বিভিন্ন পণ্য। ছয় বছর ধরে মেলার একই স্থানে বসা দিল্লী এলুমিনিয়াম প্যাভেলিয়নের ইনচর্জ মো. সুমন জানান, মেলার শুরু থেকেই ক্রেতাদের বেশ সাড়া পাচ্ছি। খুব ভালো বেচা কেনা হচ্ছে। বিদেশি পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি। আশা করছি মেলা আরো জমলে বেশি বিক্রি করতে পারবো। মগবাজার থেকে মেলায় এসে ছিলেন সুমাইয়া ফারিয়া। তিনি জানান, চলতি মাসে নতুন ফ্ল্যাটে উঠেছি। তাই মেলা থেকে গৃহস্থালির জিনিস কিনে নিলাম। আর পছন্দের জিনিসগুলো দেখে গেলাম পরে কিনে নেবো; কিন্তু মেলার এই পণ্যে কোনো ছাড় নেই, জানান তিনি।