সরকারি চাকরিতে প্রবেশের বয়স
বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১৫
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গতকাল শনিবার সকাল ১১টার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এই আন্দোলনে অংশ নেয়। সড়ক অবরোধের কারণে শাহবাগের চারপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। শাহবাগ থেকে কাঁটাবন হয়ে এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, অন্যদিকে ফার্মগেট থেকে শাহবাগ হয়ে প্রেসক্লাব, মতিঝিল পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। এতে করে ছুটির দিনেও বিপাকে পড়েন রাস্তায় বের হওয়া হাজার হাজার সাধারণ মানুষ।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়ক অবরোধের পর সরকারকে ১৩ জানুয়ারির মধ্যে দাবি পূরণের সময় দিয়ে কর্মসূচি শেষ হয়। এর আগে দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অবরোধকারীরা বাধা দিলে দু’পক্ষের ছাত্রদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরিষদের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশতিয়াক হোসেন বলেন, ৩৪তম বিসিএস পরীক্ষার আগেই তাদের দাবি মানা না হলে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধ করে দেয়া হবে। সেখানে মানববন্ধনও করে তারা।
পরিষদের সভাপতি ইশতিয়াক হোসেন জানান, আমাদের দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। এ জন্য সরকারি চাকরি থেকে অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে ৫৯ বছর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য অবসরের বয়স ৬০ বছর করা হয়েছে। শিক্ষকদের ৬৫ বছর ও বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর করা হয়েছে। এসব করা হলেও চাকরিতে আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছরই রাখা হয়েছে। এখন এ বয়সসীমা বাড়ানোর সময় এসেছে। আন্দোলনকারীদের যুক্তি হচ্ছে- নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থীর ছাত্রত্ব ২৩ বছরের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে একজন শিক্ষার্থী যথাসময়ে পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারে না নানা কারণে। সেশন জটে পড়তে হয় তাদের। পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর বয়স ২৮-২৯ বছর হয়ে যায়। ফলে সরকারি চাকরিতে আবেদন করার জন্য পর্যাপ্ত সময় থাকে না। তাই আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হোক।
পরিষদের সাধারণ সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমীন রাজু বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতসহ পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যেখানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫, সেখানে আমাদের মাত্র ৩০। প্রসঙ্গত, সম্প্রতি সংসদের এক অধিবেশনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছিলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির কোন পরিকল্পনা সরকারের নেই।