আশুগঞ্জে খেলা নিয়ে সংঘর্ষে
পুলিশসহ আহত শতাধিক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১৭
মাঠে ক্রিকেট খেলতে না দেয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বড়তল্লা ও তারুয়া গ্রামবাসীর মধ্যে গতকাল শনিবার সকালে ৫ ঘন্টাব্যাপী সংঘর্ষে ৩ জন সাংবাদিক এবং ৫ পুলিশসহ উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। আহতদের উপজেলার বিভিন্ন ক্লিনিক ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫৯ রাউন্ড টিয়ারসেল ও ৪৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার তারুয়া গ্রাম আয়োজিত একটি ক্রিকেট টুর্নামেন্ট পার্শ্ববর্তী বড়তল্লা গ্রামের মাঠে আয়োজন করতে গেলে এতে গ্রামবাসী বাধা দেয়। এনিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির জের ধরে তারুয়া ও বড়তল্লা গ্রামের ৫ সহস াধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শনিবার সকাল ৯টায় সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে পরবর্তীতে দাঙ্গা পুলিশকে খবর দেয়া হয়। জেলা শহর থেকে ২ প্লাটুন দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপসহ ব্যাপক লাঠিচার্জ করে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ থামাতে গিয়ে থানার এ এসআই মো. শাখাওয়াতসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলার আশুগঞ্জ প্রতিনিধি ইসহাক সুমন, এনটিভি প্রতিনিধি মো. আক্তারুজ্জামান রঞ্জন ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সেলিম পারভেজের ব্যক্তিগত ক্যামেরাম্যান মোঃ লোকমান হোসেন আহত হয়েছেন। গুরুতর আহত সাংবাদিক ইসহাক সুমনকে স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালিন সময় বড়তল্লা বাজারের ৪টি দোকান, ৫/৬টি বাড়িঘর ভাংচুর লুটপাট করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েকটি বনের স্তূপে। বড়তল্লা গ্রামের ৭/৮টি গরু ও ছাগল লুট করে নিয়ে যেতে দেখা গেছে। বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।