রাজধানীতে বাস ও
ওষুধের গাড়িতে
আগুন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:১৯
বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা হরতালের আগের দিন গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে ১২টি গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ জানিয়েছে, হরতাল সমর্থনে দুর্বৃত্তরা গতকাল দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়াতে বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গতকাল রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাজধানীর রমনায় গতকাল দুপুরে একটি গাড়িতে আগুন দেয়ার পর বিকালে আজিমপুরে আরো একটি বাসে আগুন ধরানো হয়েছে। বেলা সোয়া ৩টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে গ্লোব ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দেয়া হয়। গাড়িটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির চালক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, গাড়িতে সমস্যা দেখা দিলে আমি গাড়ি থামিয়ে কাজ করছিলাম। এ সময় কয়েকজন যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। রমনা থানার ওসি শাহ আলম বলেন, সম্ভবত হরতাল সমর্থকরাই গাড়িটিতে আগুন দিয়েছে। এদিকে গতকাল বিকালের দিকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সামনে ২৭ নম্বর রুটের একটি বাসে আগুন দেয়া হয়। লালবাগ থানার ওসি আজিজুজ্জামান বলেন, বাসটির ত্রুটি দেখা দেয়ায় চালক ও তার সহকারী মেরামত করছিল। ওই সময় গাড়ির পেছনের অংশে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে গাড়ির সামান্য অংশ পুড়ে গিয়েছে।
রাজারবাগ পুলিশ লাইনের এক নম্বর গেটের সামনে গতকাল সন্ধ্যায় একটি বাসে আগুন দেয়া হয়। একই সময় নটরডেম কলেজের সামনে একটি, মিরপুর বাংলা কলেজের সামনে একটি, মিরপুর সনি সিনেমা হলের সামনে একটি, মহাখালী বাজার ও তিতুমীর কলেজের সামনে দুটি, মিরপুর এক নম্বর বৈশাখী মার্কেটের সামনে একটি, তেজগাঁও পলিটেকনিকের সামনে একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তাছাড়া উত্তর বাড্ডা ও আসাদ গেটের সামনে দুটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ ও ফায়ারসার্ভিস সূত্র নিশ্চিত করেছে।