হরতাল বিরোধী দলের সহিংসতা, প্রতিবাদের ভাষা নয় :অর্থমন্ত্রী
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধান বিরোধী দলের ডাকা হরতালকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিরোধী দলের সহিংসতা উল্লেখ করে বলেন, এটা প্রতিবাদের ভাষা নয়। অর্থমন্ত্রী বলেন, বিশৃংখলা সৃষ্টির জন্য হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া উচিত।
গতকাল শনিবার সিলেট অডিটোরিয়ামে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম। তাই এর জন্য হরতাল আহ্বান কোন দায়িত্বশীল রাজনৈতিক দলের সিদ্ধান্ত হতে পারে না। শুক্রবার সিলেটের গোলাপগঞ্জে অর্থমন্ত্রী এই হরতাল সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, এটি একটি উন্মাদের সিদ্ধান্ত। তিনি বলেন, বিএনপি সরকার চালিয়েছে, তারা জানে সরকার কিভাবে চালাতে হয়। কোন্ প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে হয়। মুহিত হরতালের এ সিদ্ধান্তকে অন্যায় মন্তব্য করে বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের চেয়ে বাংলাদেশে অনেক কম। তিনি বলেন, বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম ১১০ ডলার সেখানে বাংলাদেশে ৮০ ডলার। এমনকি পার্শ্ববর্তী দেশেও জ্বালানির দাম বেশি। এতে পাচার হওয়ার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না। মন্ত্রী বলেন, আমাদের দেশের দুর্ভাগ্য বিরোধী দল অবিবেচনাপ্রসূত কাজ করে থাকে।