ভালোবাসা দিবসে পড়শীর নতুন ভিডিও
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৩
দামি মিউজিক ভিডিও রিলিজটাও এখন সংগীত শিল্পীদের জন্য বড় ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে পপ গায়িকাদের ক্যারিয়ারে এটা এখন অপরিহার্য অংশ। আধুনিক গানের আলেচিত গায়িকা পড়শীর এ যাবত্ তিনটি গানের ভিডিও রিলিজ হয়েছে। আগামী ভালোবাসা দিবস উপলক্ষে এবারে তিনি নতুন আরও একটি গানের ভিডিও রিলিজের পরিকল্পনা নিয়েছেন তিনি। পড়শী জানান, ‘এখন অ্যালবামের অডিও গানের পাশাপাশি নতুন গানের ভিডিও রিলিজও অনেক গুরুত্বপূর্ণ। কারণ দেখা যায় বাাজরে ভিডিও রিলিজের পরই সেই গান মুখে মুখে ফেরে।’ পড়শীর এই গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। মডেল হিসেবে অভিনয় করেছেন পড়শী ও আজিম। পড়শীর গাওয়া ‘বড় একা’ টাইটেলের এই গানটির শুটিং হয়েছে ঢাকা ও তার আশপাশে। গানটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ভিডিওটি দেখলেই দর্শকেরা এর বিশেষত্ব বুঝবে। এ দেশে সর্বশেষ প্রযুক্তির দু’টি ক্যামেরায় প্রথমবারের মতো কোনো ভিডিও শুট করা হলো। লোকেশন দেখলেও দর্শকেরা মুগ্ধ হবে।’ ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় সবক’টি চ্যানেলে এই ভিডিও রিলিজ দেওয়া হবে বলে জানা গেছে।