স্ত্রীর মামলায় কারাগারে বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার

যৌতুকের টাকা দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মাসুদ পারভেজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মিল্লাত হোসেনের আদালতে মাসুদ পারভেজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষের আইনজীবী রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেন।

মাসুদ পারভেজ বর্তমানে কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনীর বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে কর্মরত। তিনি কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার নওদা গ্রামের আব্দুস সামাদের ছেলে।

আইনজীবী রবিউল ইসলাম রবি বলেন, মামলা করার পর আসামিকে আদালতে উপস্থিত হতে সমন জারি করা হয়। সোমবার মাসুদ পারভেজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, কোনো সরকারি কর্মচারী যদি কোনো মামলায় জেলে যায় তাহলে আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠান তাকে সাসপেন্ড করবে।

মামলার বাদী মুন্সী জিনিয়া মুনির বলেন, ১৫ বছর আগে মাসুদ পারভেজের সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। আমাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত মাসুদ পারভেজ।

আরও পড়ুন: মাদরাসা শিক্ষকের লালসার শিকার ছাত্রীর পড়াশোনা বন্ধ, শিক্ষক জেলে

তিনি আরও বলেন, সর্বশেষ ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর তার ঢাকার কুর্মিটোলার বাসায় আমার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। আমি টাকা দিতে অস্বীকার করলে তিনি আমাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এতে আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তিনি আমাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করান। 

চলতি বছর ৩১ মার্চ নির্যাতনের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন জিনিয়া মুনির। আদালত মামলাটি আমলে নিয়ে আসামি মাসুদ পারভেজকে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করেন।

ইত্তেফাক/অনি