এ মাসেই আসছে আরও দুটি চ্যানেল
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ১৯:৩৫
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এ মাসেই আসছে আরও দুটি নতুন চ্যানেল। ১৮ জানুয়ারি পূর্ণাঙ্গভাবে সম্প্রচার শুরু করছে এশিয়ান টিভি এবং ১৮৯ জানুয়ারি শুরু হচ্ছে এসএ টিভির সম্প্রচার। উল্লেখ্য, দুটি চ্যানেলই এর আগে বেশ কয়েকটি প্রাথমিক তারিখ ঘোষণা করেও সম্প্রচারে আসেনি। তবে দুটি চ্যানেল কর্তৃপক্ষই এবারে বলছেন তারা এই নির্ধারিত তারিখে অবশ্যই সম্প্রচার শুরু করবেন। উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে এশিয়ান টিভির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১৮ জানুয়ারি আমাদের উদ্বোধন হচ্ছে। এরই ভেতরে আমাদের পরীক্ষামূলক সম্প্রচারেই ব্যাপক সাড়া পেয়েছি। আর উদ্বোধনী অনুষ্ঠান হবে আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। যেখানে দেশের ১০০ জন তারকার সমন্বয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরাবরই আমরা বিভিন্ন চমক নিয়েই দর্শকদের কাছে আসছি। এবারেও তাই এর কমতি হবে না।’
অন্যদিকে এসএ টিভির সম্প্রচার প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান জেরিন আলতাফ বলেন, ‘আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জানুয়ারি বর্ণাঢ্য অনুষ্ঠানের ভেতর দিয়ে যাত্রা শুরু করব। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান হবে আর্মি স্টেডিয়ামে। তবে অনুষ্ঠানের ধরন ও উপাদান নিয়ে এখনই বলতে চাচ্ছি না। পুরোটাই দর্শকদের জন্য চমক হয়েই থাকুক।’ উল্লেখ্য, এরই ভেতরে দুটি চ্যানেলই তাদের নিজস্ব তাগিদে বিভিন্ন অনুষ্ঠানমালা, রিয়েলিটি শো ও নাটকের কাজ শুরু করেছে।