তাদের ভাবনা, তাদের প্রত্যাশা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৪
নিজেদের সাফল্য আর অর্জনের সাথে সাথে তাদের ভাবনা রয়েছে দেশ নিয়ে। সদ্য পার হওয়া ২০১২ সাল নিয়ে ভাবনা এবং নতুন করে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন আবিদা সুলতানা, নিশাত মজুমদার। লিখেছেন— অলভী সরকার
আবিদা সুলতানা
এডিসি (ডিএমপি)
একজন সাধারণ নাগরিক হিসেবে বলব যে, গত বছরটি অবশ্যই আমাদের জন্য অনেক ভালো ছিলো এবং অনেক কিছু অর্জনের বিষয়ও ছিলো। বিশেষ করে নারীদের ক্ষেত্রে। অন্যান্য সময়ের তুলনায় গত বছর আমাদের দেশের নারীরা আন্তর্জাতিক অঙ্গনে বেশি ভালো ভূমিকা রেখেছে। তবে কিছু ক্ষেত্রে হতাশার বিষয় আছে। যেমন তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনা। আশা করছি, আগামী বছরটা আরো ভালো হবে। মানুষের কর্মচেষ্টা, ইচ্ছা, তরুণ প্রজন্মের আন্তরিকতায় আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে।
নিশাত মজুমদার
এভারেস্ট জয়ী
গত বছরটার রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক এবং নীতি বাচক দুটো দিকই ছিল। অর্থনৈতিক ভাবে আমরা আগের চেয়ে বেশি সমৃদ্ধ হচ্ছি। আমাদের গ্রামগুলোতে প্রযুক্তির ছোঁয়া পৌঁছেছে। মানুষের সচেতনতা এবং এগিয়ে যাওয়া— দুটোই ভালো হয়েছে। নারীদের জন্য গত বছরটি ছিলো অনেক কিছু পাওয়ার বছর। এই বছরটিও ভালো যাবে এমনটাই আশা করছি। বছরের শুরুতে সীমান্ত হত্যার বিষয় অনেক মন খারাপ করে দেয়। এ বিষয়ে উভয় দেশের মাঝে ভালো বোঝাপড়া দরকার।
সালমা
খেলোয়াড়
২০১২ সাল কেটেছে ভাল-মন্দ মিলিয়েই। তবে হরতাল ও অন্যান্য রাজনৈতিক সমস্যার কারণে কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি চাই, যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, জনগণ যাতে ভাল থাকতে পারে। দেশে যেন চাঁদাবাজি, সন্ত্রাস ইত্যাদি না থাকে। নতুন বছরে সবার মঙ্গল কামনা করি। আমার অবস্থান থেকে যদি কিছু করার থাকে, তবে আমি সাধ্যমতো চেষ্টা করবো।