বিএনপি হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে

হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছর পূর্তির দিনে বিএনপির হরতাল ডাকার একটিই কারণ সরকারের সফলতাকে ম্লান করা। বিএনপি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চায় না বলেই একের পর এক হরতাল কর্মসূচির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আসলামুল হক আসলাম এমপি প্রমুখ। আহমদ হোসেন বলেন, হরতালের নামে যতই ষড়যন্ত্র-চক্রান্ত করা হোক না কেন বাংলার মাটিতে আর পঁচাত্তরের ১৫ আগস্ট আসবে না। ১৯৭৫ আর ২০১৩ সাল এক নয়। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, বিএনপি জামায়াতকে সাথে নিয়ে গণতান্ত্রিক সরকারকে বার বার হুমকি দিচ্ছে। আর এ জন্য বিএনপির পরিণতি হবে ভয়াবহ। বিএনপির সকল আন্দোলনের মূল উদ্দেশ হলো যুদ্ধাপরাধীদের বাঁচানো। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের চার বছর পূর্তি এবং পাঁচ বছরে পদার্পণের দিনে বিএনপির হরতাল ডাকার একটিই কারণ সরকারের সফলতাকে ম্লান করা। তারা হরতালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। হরতাল যদি জনগণের স্বার্থের জন্যই হবে তবে কেনো তারা হরতালের আগে গাড়ি ভেঙ্গে এবং গাড়িতে আগুন দিয়ে জনগণের শান্তি নষ্ট করছে। বিরোধী দলের ডাকা হরতালে সকাল থেকেই ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো হরতাল বিরোধী মিছিল নিয়ে রাজপথে সক্রিয় ছিল। বেলা ১২টার মধ্যে নেতা-কর্মীদের উপস্থিতিতে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লোকে লোকারণ্য হয়ে যায়।