শুধুমাত্র মহিলাদের জন্য

স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ মহিলাদের একটু বয়স বাড়লে প্যাপ টেস্ট করতে দেন। জরায়ুর ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার নির্ণয় করার জন্য এ টেস্ট করার প্রয়োজন হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) এক গবেষণায় উল্লেখ করেছে যে সমস্ত মহিলাদের হিস্ট্রেকটমি বা জরায়ু ফেলে দেয়া হয়েছে তাদের প্যাপ টেস্ট করার কোন প্রয়োজন নেই। প্রতিষ্ঠানটির ক্যান্সার প্রতিরোধ বিভাগের গবেষক ড: মেগ ওয়াটসন উল্লেখ করেন প্যাপ টেস্ট করানোর হার ১৫ শতাংশ হ্রাস পেলেও এখনও ৬০ ভাগ মার্কিন মহিলা সার্ভাইক্যাল ক্যান্সার নির্ণয় করার জন্য প্যাপ টেস্ট করে থাকেন। ইউএস প্রিভেনটিভ টাস্কফোর্স, আমেরিকান কলেজ অব অবসটেট্রিকস এন্ড গাইনিকোলজি এবং আমেরিকান ক্যান্সার সোসাইটির পরামর্শ হচ্ছে যাদের ইউটেরাস বা ইউটেরাইন সার্ভিক্স ক্যান্সারের কারণে ফেলতে হয়নি তাদের প্যাপ টেস্ট করার কোন প্রয়োজন নেই। ড: মেগ মনে করেন শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে ক্যান্সার নয় এমন কারণে মহিলাদের জরায়ু ফেলে দিতে হয়। বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন, জরায়ুর ক্যান্সার ধীরগতির ক্যান্সার এবং এইচপিভি বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের এক ধরনের ভাইরাস থেকে এ ধরনের ক্যান্সারের সৃষ্টি হয়। আর এই ভাইরাসটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড বা অনিয়ন্ত্রিত মেলামেশার কারণে সংক্রমিত হয় বেশি যা জরায়ুর ক্যান্সারের পূর্ববর্তী সমস্যা হিসাবে বিবেচিত হয়।