কুমিল্লায় স্কুল ছাত্র নিলয়
হত্যাকারীদের ফাঁসির
দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৫
কুমিল্লা নগরীর মডার্ন হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র জাকারিয়া নিলয়ের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার সকালে নগরীর কান্দিরপাড় এলাকার পূবালী চত্বর থেকে রাণীরবাজার পর্যন্ত সড়কের দু’পাশে প্রায় ৩ হাজার শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা ওই মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ও মডার্ন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আফজল খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আফজল, জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রতন প্রমুখ।
প্রসঙ্গত: ৩১ ডিসেম্বর থার্টি ফাস্ট নাইটে কুমিল্লা মহানগরীর নতুন চৌধুরীপাড়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে একই বিদ্যালয়ের ৭ম-৮ম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্র শাহিন জাকারিয়া নিলয়কে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের মামা আরিফুর রহমান কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করার ৫ দিনেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।