লালপুরে শ্লীলতাহানিতে ব্যর্থ হয়ে
গৃহবধূকে হত্যার চেষ্টা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৪৬
নাটোরের লালপুর উপজেলার বামনগ্রাম গ্রামে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসুয়া দিয়ে উপুর্যপরি কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে আশরাফুল (২০) নামে এক যুবক। সে ঐ গ্রামের ফজল আলীর পুত্র। হাত, মাথা, মুখ, চোখসহ শরীরের ৮টি স্থানে গুরুতর জখম নিয়ে গৃহবধূ শেফালী খাতুন (৩০) এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে লড়ছেন। এ ঘটনার বিচারের দাবিতে শনিবার বামনগ্রামে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে বামনগ্রাম গ্রামের একরাম আলীর স্ত্রী শেফালী খাতুন বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি রসুনের জমি দেখে বাড়ি ফেরার পথে একটি আখ ক্ষেতের আড়ালে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে বখাটে যুবক আশরাফুল। তাকে বাধা দিলে সে হাতে থাকা হাসুয়া দিয়ে শেফালীকে উপুর্যপরি আঘাত করে। শেফালীর চিত্কারে লোকজন ছুটে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার লালপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।