মোরেলগঞ্জের ক্লিনিকে আদালতের সিলগালা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
চিকিত্সার নামে প্রতারণা ও অব্যবস্থাপনার কারণে বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পৌর সদরের বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায়। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান রাইসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, এসএম কলেজ রোডের ফাতেমা মমতাজ ক্লিনিক, নিউ তন্বী ডায়াগনস্টিক সেন্টার, রহিমা ক্লিনিক ও আরএমও হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টি সেন্টারে অভিযান চালান। এর মধ্যে রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এক লক্ষ টাকা জরিমানা আদায় করেন, ফাতেমা মমতাজ ক্লিনিক সিলগালা ও তন্বী ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে হুঁশিয়ারি প্রদান করেন। পৌর সদরের রাইসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সার্বক্ষণিক ডাক্তার নেই, প্যাথলজি বিভাগে মেয়াদ উত্তীর্ণ মেডিসিন উদ্ধারসহ নানা অব্যবস্থাপনা, নামধারী ডাক্তারদের সাইড বোর্ড সাঁটানোর অভিযোগ পাওয়া যায়। তিনি নামধারী ডাক্তারদের সাইন বোর্ড অপসারণ করার নির্দেশ প্রদান করেন। অপরদিকে ফাতেমা মমতাজ ক্লিনিকে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে মালিকপক্ষ গাঢাকা দেয়। তিনি এ ক্লিনিকে কাউকে না পেয়ে তালা লাগিয়ে দেন এবং ৩০ হাজার টাকা জরিমানা করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উপজেলার অধিকাংশ মেডিক্যাল অফিসার ক্লিনিক ব্যবসায় যুক্ত থাকায় এ উপজেলার সাধারণ মানুষ সরকারি চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।