সাটুরিয়ায় কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের অধীনে ৫৩ লাখ ৪৮ হাজার টাকা সরকার বরাদ্দ দিলেও তার সিংহভাগই ট্যাগ অফিসার ও প্রকল্প সভাপতির যোগসাজশে হরিলুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার জন্য ২০১২-২০১৩ অর্থবছরের প্রথম পর্যায়ে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অধীনে উক্ত টাকা বরাদ্দ দেয়া হয়। ৯টি ইউনিয়নে মোট ২৬টি প্রকল্পে ৩৩১ জন নারী ও ৪৩৩ জন পুরুষ শ্রমিক ৪০দিনের জন্য নিয়োজিত হয়। অভিযোগে প্রকাশ, প্রকল্পের শুরু থেকেই প্রতিটি ইউনিয়নের কাজ তদারকির জন্য উপজেলা পর্যায়ের একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার ও প্রতি ইউনিয়নে সরকার দলীয় স্থানীয় লোকদের সদস্য করে প্রকল্প তদারকি কমিটি গঠন করা হয়। প্রকাশ, শুরু থেকেই এসব ট্যাগ অফিসারকে কেউ কেউ স্থানীয় সরকার দলীয় লোকদের সাথে আঁতাত করে প্রতিদিনের কাজের নির্ধারিত শ্রমিকের পরিবর্তে কমসংখ্যক শ্রমিককে কাজে লাগিয়ে বাকি শ্রমিকের টাকা আত্মসাত্ করেন। সপ্তাহে ৫দিন কাজের স্থলে ৩/৪দিন নামেমাত্র শ্রমিকের কাজ করিয়ে বাকি দিনের হাজিরা ঠিক দেখিয়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা উত্তোলন করে ভাগ-বাটোয়ারা করে নেয়া হয়েছে। এমনও দেখা গেছে, সাইটে শ্রমিকরা উপস্থিত হলেও তদারকির অভাবে কাজ না করে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। বরাদ্দের ৫০ ভাগ কাজ করা হলে গ্রামাঞ্চলের শতভাগ বিনষ্ট রাস্তাঘাট, খানাখন্দ,শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হতো। অভিযোগে আরও প্রকাশ, সবচেয়ে বেশি কারচুপি করা হয়েছে ফুকুরহাটি ইউনিয়নে। ঐ ইউনিয়নের মহিলা শ্রমিক অজুফা আক্তার ও জামিরন আক্তার অভিযোগ করে বলেন, আমাদের নামে ১২ দিনের টাকা উত্তোলন করেছে এবং প্রতিদিন শতভাগ শ্রমিক উপস্থিত ছিল না। এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আম্বিয়া বেগম শিল্পী জানান, প্রতিটি ইউনিয়নে শতভাগ কাজ হলেও ফুকুরহাটি ইউনিয়নের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহিন আকতার বলেন,সরকারি নিয়মমত প্রতিটি ইউনিয়নের কাজ বুঝিয়ে নেয়া হবে। এবং দুর্নীতির অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এডভোকেট আব্দুল মজিদ ফটো জানান, আমার জানা মতে এ প্রকল্পের আওতায় কোন ইউনিয়নেই তেমন ভাল কাজ হয়নি।