মহেশপুর থেকে চার বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ ৪ জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। তারা হচ্ছে—সরিষাঘাটা গ্রামের রবিউল ইসলামের ছেলে মতিয়ার রহমান, পিপুলবাড়িয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে শহিদুল ইসলাম, শ্যামকুড় গ্রামের আইয়ুব আলির ছেলে জহিরুল ইসলাম ও কয়া গ্রামের রমজান আলির ছেলে শফিকুল ইসলাম। বিজিবি’র চুয়াডাঙ্গা ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গাজী মোঃ আসাদুজ্জামান জানান, জিরো লাইন পার হয়ে ভারতে গরু আনতে গেলে শনিবার রাতে মতিয়ার রহমান ও শহিদুল ইসলামকে এবং রবিবার সকালে ফেলে আসা মোবাইল ফোন আনতে গেলে জহিরুল ইসলাম ও শফিকুল ইসলামকে ভারতের ফতেপুর ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়। তাদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।