সংবাদ সংক্ষেপ

মনোহরগঞ্জে কাভার্ড ভ্যান-মাইক্রোর সংঘর্ষে নিহত ১ মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ শনিবার সকালে লালমাই নোয়াখালী মহাসড়কের খিলাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন মাইক্রোবাসের ড্রাইভার হুমায়ুন কবির খোকন (৪৩)। মাইক্রোবাসের ভিতরে থাকা গণউদ্যোগ স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্রী ফাতেমা আক্তার ও তৃপ্তি গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত তৃপ্তির অবস্থা আশংকাজনক। মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বামনার সড়কে ভ্রাম্যমাণ আদালত বামনা (বরগুনা) সংবাদদাতা\ বরগুনা বামনা উপজেলায় রবিবার ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সড়ক দুর্ঘটনার দায়ে ডৌয়াতলা গ্রামের সেলিম মল্লিকের পুত্র মনির মল্লিককে (৩২) দু’হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আলমগীর হোসেন। শেরপুরের মোটর সাইকেল টাঙ্গাইলে উদ্ধার শেরপুর(বগুড়া)সংবাদদাতা\ বগুড়ার শেরপুরে দু’টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছেন শেরপুর থানার এসআই বুলবুল ইসলাম। চুরির সাথে জড়িত মো. শাহীন(২৫) নামের এক চোরকেও আটক করা হয়েছে। ২ জানুয়ারি উপজেলার তালতা গ্রামের বাসিন্দা মো.আমিনুল ইসলামের বাড়ি থেকে আমিনুলের একটি ডিসকভার ১০০সি এবং তার আত্মীয় চককল্যানী গ্রামের বাসিন্দা শাহিনের বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেরপুর থানায় মামলা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা বুলবুল ইসলাম অভিযান চালিয়ে ৫ জানুয়ারি টাঙ্গাইল জেলার বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানা এলাকা থেকে মোটর সাইকেল দু’টি উদ্ধার করেন। কাশিয়ানীতে সাংস্কৃতিক অনুষ্ঠান কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ স্বপ্তসুর সংগীত একাডেমীর উদ্যেগে শনিবার রাতে কাশিয়ানী এম.এ.খালেক মাধ্যমিক বিদ্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। স্বপ্তসুর সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফায়েকুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেফাকের কাশিয়ানীর সংবাদদাতা শেখ আহাদুল হাসান। আড়াইহাজারে নেতার বাড়িতে ডাকাতি গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মী করে লুটে নিয়েছে নগদ ১ লাখ টাকা, ১১ ভরি স্বর্ণালংকার। শনিবার রাতে বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রতনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মধুখালীতে সচেতনতামূলক সভা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা\ শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নারীর ক্ষমতায়ন ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবু জাফর মিয়া। কুমিল্লায় ‘মির্জা ফখরুল মুক্তি পরিষদ’ গঠন কুমিল্লা প্রতিনিধি\ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে কুমিল্লায় ‘মির্জা ফখরুল মুক্তি পরিষদ’ গঠন করা হয়েছে। মহানগরীর চৌয়ারা এলাকায় অনুষ্ঠিত ওই সভায় পরিষদের প্রধান উপদেষ্টা বিএনপির কেন্দ ীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব মনিরুল হক চৌধুরী এবং সাবেক ইউপি চেয়ারম্যান ওবায়দুল কবির মোহনকে আহবায়ক করে শনিবার ১০১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কুলিয়ারচরে শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ জন ছাত্র/ছাত্রীকে আয়েশা-রাজ্জাক ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিবার ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা দেয়া হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. মো. মুখলেছুর রহমান। বক্তব্য রাখেন আয়েশা-রাজ্জাক ফাউন্ডেশনের সভাপতি মোস্তাক আহাম্মদ মঞ্জু প্রমুখ। সৈয়দপুরে জামায়াত-শিবিরের কর্মী আটক সৈয়দপুর সংবাদদাতা \ হরতালের সমর্থনে শনিবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুরে ঝটিকা মিছিল করার সময় ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছেন: মোস্তাকিন (৪৬), সাইফুল ইসলাম (৩৭) ও আসিরুল হক (৩৩)। টঙ্গী থেকে ছিনতাই হওয়া লুঙ্গি উদ্ধার ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ টঙ্গী থেকে ছিনতাই হওয়া লুঙ্গি শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কালিহাতী উপজেলার বল্লভবাড়ি থেকে উদ্ধার করেছে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশ। এসময় পুলিশ ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে মকবুল হোসেন (৫৫), ভ্যানচালক আব্দুল হামিদ (২৫),আমির হোসেনসহ (৩০) চারজনকে আটক করে। দাগনভূঞা দুধমুখা উচ্চ বিদ্যালয়ে বর্ষপূর্তি উত্সব দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা\ উপজেলার ঐতিহ্যবাহী দুধমুখা উচ্চ বিদ্যালয়ের ৬৭তম বছর প্রতিষ্ঠাবার্ষিকী বিদ্যালয়ের মাঠে শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হাজার হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী সমবেত হয়েছেন। ছাত্রজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সিনিয়র সহকারী সচিব খোরশেদ আলম সাগর, বগুড়ার পুলিশ সুপার আবু নাছের খালেদ দর্পন, র্যাব-১১ এর এএসপি কামরুল ইসলাম, ইকবাল মেমোরিয়াল কলেজের প্রিন্সিপাল প্রফেসর তায়বুল হক । রায়পুরা বিএনপি’র আহবায়ক কমিটির সভা নরসিংদী প্রতিনিধি \ রায়পুরা উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা ৫ জানুয়ারি নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি হযরত আলী ভূইয়া। কক্সবাজারে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজারে সংবাদপত্র হকার ও দুস্থদের মাঝে বেসরকারি সংস্থা পাল্স বাংলাদেশের পক্ষ থেকে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজার প্রেসক্লাবে সংবাদপত্র হকারসহ শতাধিক দুস্থের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পালসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী কলিম। চৌগাছায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প চৌগাছা (যশোর) সংবাদদাতা\ যশোরের চৌগাছায় যশোর সেনানিবাসের উদ্যোগে ১০ দিনের মেডিক্যাল ক্যাম্প ও স্কুল হেলথ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৫ জানুয়ারি পর্যন্ত উপজেলার মাড়ুয়া ইউছুপ আলী খান মাধ্যমিক বিদ্যালয়ে ৪১ ফিল্ড এম্বলেন্স নামক সেনা ইউনিট এই ক্যাম্প পরিচালনা করে। শরণখোলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের শরণখোলায় শনিবার দু’টি ক্লিনিকে অভিযান চালিয়ে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা এবং এক ক্লিনিক মালিককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের নেতৃত্বে রায়েন্দা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা এবং ক্লিনিক মালিক ইলিয়াস আলীকে (৩৫) গ্রেপ্তার করেন। বরগুনায় চার জনের কারাদণ্ড বরগুনা (উত্তর) প্রতিনিধি\ স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শনিবার বরগুনা উপজেলার চরকলোনী এলাকার অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল মজিদ মাস্টারকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করেছেন। অপরদিকে আরেক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শনিবার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তালতলীর চরপাড়া গ্রামের রুবেলকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। কেন্দুয়ায় লোক উত্সব নেত্রকোনা প্রতিনিধি\ নেত্রকোনা কেন্দুয়া উপজেলার ইটাউতা গ্রামের মরমী কবি, গীতিকার, সুরকার, বাউল সাধক ও কণ্ঠশিল্পী আব্দুল মজিদ তালুকদারের স্মরণে মরমী কবি আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদের উদ্যোগে ‘লোক উত্সব’ শনিবার শেষ হয়েছে। আব্দুল মজিদ তালুকদার স্মৃতি সংসদের সভাপতি মো.জালালউদ্দিন খানের সভাপতিত্বে লোক উত্সব উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক আহমেদ ফখরুদ্দিন।