মওলানা ভাসানীর জীবনী পাঠ্যপুস্তকে না রাখায় টাঙ্গাইলে মানববন্ধন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৯
পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী বাদ দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাসানী অনুসারীরা। গতকাল রবিবার দুপুরে সন্তোষে ভাসানীর মাজার প্রাঙ্গণে মওলানা ভাসানী ফাউন্ডেশন ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে মওলানা ভাসানীর পরিবারের সদস্য, ভাসানীভক্ত ও অনুরাগী এবং মওলানা ভাসানী প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে মওলানা ভাসানীর তিন মেয়ে রেজিয়া খাতুন ভাসানী, মাহমুদা খাতুন ভাসানী ও মনোয়ারা খাতুন ভাসানী এ ঘটনাকে সরকারের হীনমন্যতা বলে উল্লে¬খ করেন। তারা বলেন, এর মাধ্যমে দেশের বড় একটা ইতিহাস থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে। এখনো ভুল সংশোধনের সুযোগ রয়েছে উল্লেখ করে ভাসানীর পরিবারের সদস্যরা বলেন, তা না হলে ইতিহাস বিকৃতির চরম মূল্য দিতে হবে বর্তমান সরকারকে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু ও সদস্য সচিব ইরফানুল বারী।