ভোটে নেতা নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের কাউন্সিলে হামলা
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৪০
ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে হামলা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে চণ্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন শুরুর প্রাক্কালে এই হামলা চালানো হয়। হামলাকারীরা ১৫/২০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে হকিস্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে ২ শতাধিক চেয়ার ভাংচুর করে। এ সময় দলের ৫ কর্মী আহত হন। হামলার পর নেতৃবৃন্দ অধিবেশন বন্ধ ঘোষণা করে চলে যান।
হামলায় আহত রেজাউল করিম তছলিম (২৮), মেহেদী হাসান (২৪), বাদশা (২৪), সাগর (২৫) ও রাসেলকে (২২) প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। কাউন্সিলের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাহাজাহান জানান, মাঠের দক্ষিণ দিক থেকে হামলার ঘটনা ঘটে। ওইদিক অন্ধকার থাকায় হামলাকারীদের চেনা যায়নি, তবে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।
কাউন্সিলে সভাপতি প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম অভিযোগ করেন, পরাজিত হওয়ার আশঙ্কায় অপর সভাপতি প্রার্থী কামাল হোসেন ভুঁইয়ার সমর্থকগণ এ হামলা চালিয়েছে। তবে কামাল হোসেন বলেন, কাউন্সিলর তালিকা সঠিকভাবে হয়নি। তাই আমি এই কাউন্সিল মানি না।
সাধারণ সম্পাদক প্রার্থী জিএস নজরুল ইসলাম জানান, ন্যক্কারজনক এ হামলার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি নেতৃবৃন্দের নিকট এ ঘটনার বিচার দাবি করেন।