কেশবপুরে গণপিটুনিতে ডাকাত সর্দার আজিজ নিহত
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৩, ২১:৪০
যশোরের কেশবপুরে আজিজ নামে এক ডাকাত সর্দার গণপিটুনিতে নিহত হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে উপজেলার জাহানপুর কারিকর পাড়ার ঘোজের মাঠ নামক স্থানে আজিজ তার সহযোগীদের নিয়ে আব্দুল হাইয়ের বাড়িতে ডাকাতি করতে যায়। আব্দুল হাইয়ের ছেলে সাইফুলের মোটর সাইকেল নিয়ে চলে যাওয়ার সময় সাইফুল আজিজকে জাপটে ধরে চিত্কার দিতে থাকলে এলাকাবাসী ছুটে আসে। তারা আজিজকে ধরে গণপিটুনি দেয়। এ সময় আজিজের সঙ্গীরা সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ওই রাতেই ভালুকঘর ফাঁড়ি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আজিজকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজিজ কেশবপুরের ভালুকঘর গ্রামের মৃত আফেজ খাঁর পুত্র । তার ২ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে বলে জানা গেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, নিহত আজিজের বিরুদ্ধে কেশবপুর থানায় ২টি হত্যা, একটি ডাকাতিসহ যশোর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সেটিকে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।