রামগতিতে এক ছাত্রকে অপহরণের চেষ্টা বাধা দিয়ে মা আহত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স এলাকায় গতকাল রবিবার ভোরে শরীফ উদ্দিন (১৬) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়েছে। এতে বাধা দেয়ায় দুর্বৃত্তরা ওই ছাত্রের মা নূরজাহান বেগমকে (৫০) পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় নূরজাহান বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরীফ লক্ষ্মীপুর পলিটেকনিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। হাসপাতালে চিকিত্সাধীন নূরজাহান জানান, গতকাল ভোরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে দুর্বৃত্তরা শরীফকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছেলের চিত্কার শুনে তিনি এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের অন্য সদস্য এবং এলাকাবাসী ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, ‘আমার ভাই আবদুল হাসেমের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার আসামি একই এলাকার মির্জা শাহাব উদ্দিন ও হেলালসহ তিন জন এ ঘটনা ঘটায়।’ এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুজ জব্বার জানান, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।