চার শক্তিমান অভিনেতা এক ছবিতে
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:০৯
সাধারণত এক চলচ্চিত্রে এই রকম শক্তিমান অভিনেতা একজন বা দুইজনই কাস্ট হয়ে থাকে। কিন্তু নির্মাতা এস এ হক অলীক তার নতুন ছবির প্রয়োজনেই একেবারে চারজনকেই চুড়ান্ত করলেন। শোবিজের চার শক্তিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, আবুল হায়াত ও আমজাদ হোসেন। চলচ্চিত্রের নাম ‘এক পৃথিবীর প্রেম’। ছবিটি এসএ হক অলিকের পরিচালনায় তৃতীয় চলচ্চিত্র।
‘হূদয়ের কথা’ খ্যাত এই চলচ্চিত্রকার তার এই তৃতীয় চলচ্চিত্র প্রসঙ্গে বলেন, ‘কোনো চমক দেখানোর জন্য নয়, ছবির গল্পের প্রয়োজনেই তাদেরকে কাস্ট করেছি। আরও একটি উদ্দেশ্য আছে, তা হলো আমার এই ছবিতে নায়ক-নায়িকা হিসেবে একেবারেই নতুন মুখ নেব। তাই তাদেরকে নিয়ে ছবিটি সমৃদ্ধ করতেই এই পরিকল্পনা। ছবিটি প্রেমনির্ভর হলেও এরই ভেতরে একটি সামাজিক মেসেজও থাকবে। সেই মেসেজটি মূলত বৃদ্ধাশ্রম নিয়ে। আমরা বয়োবৃদ্ধ হলেই তাদের যে বৃদ্ধাশ্রমে নির্বাসন দিয়ে তা নিয়েই একটি ব্যতিক্রমী গল্প লেখার চেষ্টা করেছি। আশা করছি আগামী মার্চ থেকেই ছবিটির কাজ শুরু করতে পারব।’
উল্লেখ্য, এরই মধ্যে ছবিটির গান রেকর্ডিংয়ের কাজ শুরু হয়েছে। অলিকের লেখা ও ইমন সাহার সুর-সংগীতে গান দুটি গেয়েছেন কুমার বিশ্বজিত ও পড়শী। এ দেশে প্রেম নির্ভর বাংলা চলচ্চিত্রে নতুন এক আধুনিকতা নিয়ে এসেছেন এসএ হক অলিক। আর সেই ধারাবাহিকতায় এবারের ‘এক পৃথিবীর প্রেম’ ছবিটি নতুনভাবে আলোড়ন তুলবে সেই প্রত্যাশা রাখছেন নির্মাতা।