দুই দেশের ক্রিকেট বোর্ড প্রধানের আলোচনায় সিদ্ধান্ত হয়নি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৩৯
কোন সিদ্ধান্ত ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা শেষ হয়েছে। বাংলাদেশ দলের পাকিস্তান সফর ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাকিস্তানী খেলোয়াড়দের খেলার ছাড়পত্রের বিষয়টিও নিশ্চিত হয়নি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও জাকা আশরাফের মধ্যকার সাক্ষাতে। তবে এই আলোচনার ফলে বিসিবি আশাবাদী বিপিএলে পাকিস্তানী খেলোয়াড়দের ছাড়পত্র দিবে।
গতকাল সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দ্বি-পাক্ষিক আলোচনার প্রসঙ্গে বলেন, ‘বিপিএলে পাকিস্তানী খেলোয়াড়দের পিসিবি ছাড়পত্র দিবে বলে আশা করছি। এবং বাংলাদেশ দলের পাকিস্তান সফরের ব্যাপারে বোর্ড সভাপতি দেশে এসে সবার সাথে আলোচনা করবেন। সময়োপযোগী যেকোন সময়ে আমরা পাকিস্তান সফর করবো। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে ক্রিকেট বোর্ডের আলোচনার মাধ্যমে’। ভারত-পাকিস্তান মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে পিসিবি প্রধান দিল্লিতে গিয়েছিলেন। সেখানে পিসিবি প্রধানের আমন্ত্রণে বিসিবি সভাপতি গত রবিবার দিল্লি গিয়ে তার সাথে সাক্ষাত্ করেন। আশা করা যাচ্ছিল, এই আলোচনার মাধ্যমে পিসিবি ও বিসিবি মধ্যকার সমস্যারও সমাধান হবে। তবে আলোচনায় ফলপ্রসূ কিছুই হয়নি।
আগামী ১৭ জানুয়ারি থেকে বিপিএলের দ্বিতীয় আসর শুরু হবে। এর আগে বেশিরভাগ দল ১৪ জানুয়ারি থেকে নিজ নিজ দলের অনুশীলন শুরু করবে। এর মধ্যে পাকিস্তানী খেলোয়াড়দেরও ঢাকায় আসতে হবে। বিসিবি অবশ্য আশা ছাড়েনি। বিসিবির মুখপাত্র জালাল ইউনুস বলেন, ‘খুব শীঘ্রই যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে বিপিএল খেলতে ছাড়পত্র দিবে বলে আশা করছি’।