ম্যাচ পাতানোর অভিযোগ করলেন পল নিক্সন

নয়াদিল্ল¬ীতে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে গত রবিবার অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের কাছে পাকিস্তান ‘ইচ্ছে করে হেরেছে’ মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক পল নিক্সন। হঠাত্ করে পাকিস্তান দলের ব্যাটিং বিপর্যয়ের পর নিক্সন টুইট করেছেন। তিনি বলেন, ‘এই ম্যাচ ছেড়ে দিল পাকিস্তান। এই সময়টুকু পর্যবেক্ষণ করুন। শেষ কয়েক বলে পাকিস্তান হেরে যাবে।’ এই ম্যাচ জয়ের ফলে হোয়াইটওয়াশের কালিমা থেকে মুক্ত হয় ভারত। ম্যাচটি পাতানো ছিল—কিসের ভিত্তিতে নিক্সন এমন অভিযোগ করেছেন— টুইটারে এক ব্যক্তি এমন প্রশ্ন করলে ৪২ বছর বয়সী এ সাবেক ক্রিকেটার টুইট করেন, ‘তুমি কি ম্যাচটা দেখছ?’ ইতিমধ্যেই যেহেতু তারা সিরিজ জয় করে ফেলেছে তাই শেষ ম্যাচটা পাতানো পাকিস্তানের জন্য বড় কিছু নয় বলেও মন্তব্য করেন নিক্সন। অপর একজনের প্রশ্নের জবাবে নিক্সন টুইট করেন ‘২-০ তে এগিয়ে থাকার পর হারানোর কিছু নেই।’ ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিত বিশ্বকাপসহ ২০০৭ সালে ইংল্যান্ডের হয়ে ১৯টি একদিনের আন্তর্জাতিক ও ১টি টি-২০ ম্যাচ খেলেছেন নিক্সন। - বাসস