উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্সে চট্টগ্রামের সাফল্য
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪২
চট্টগ্রাম উপ-আঞ্চলিক স্কুল ও মাদ্রাসা ৪২তম শীতকালীন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় স্বাগতিক চট্টগ্রাম দলগত চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম অর্জন করে ৯৭ পয়েন্ট। ৭৯ পয়েন্ট অর্জন করে নোয়াখালী হয়েছে রানার্স-আপ। ৭টি জেলা দলের প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করে। এর মধ্যে বালক বড় গ্রুপে রাঙামাটির মোনঘর আবাসিক স্কুলের ছাত্র প্রণয় চাকমা, বালক মধ্যম গ্রুপে নোয়াখালী জেলার সুলতানপুর হানিফ ভুঁইয়া স্কুলের ছাত্র মো. রিপন মিয়া, বালিকা বড় গ্রুপে নোয়াখালী জেলার আহমদিয়া আদর্শ বালিকা স্কুলের ছাত্রী প্রিয়া আক্তার এবং বালিকা মধ্যম গ্রুপে খাগড়াছড়ি সরকারি বালিকা স্কুলের ছাত্রী তসলিমা আক্তার যথাক্রমে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়। তারা উভয়ে ৩টি করে পদক জিতে এ সম্মান অর্জন করে।
বিজয়ী প্রতিযোগীরা আগামী ১০ জানুয়ারি কুমিল্লায় অনুষ্ঠিতব্য বকুল অঞ্চলের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।