মেহেরপুর হাসপাতালে
কর্মবিরতি অব্যাহত
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৪৭
মেহেরপুর জেনারেল হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। আর এই কর্মবিরতির ফলে রোগীদের নিয়ে চরম বিপাকে পড়েছে স্বজনরা। রোগীরা চিকিত্সা না পেয়ে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিত্সা নেয়ার জন্য হাসপাতাল ত্যাগ করছে। এ ঘটনায় দু’জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত দোষী ব্যক্তিরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত এ কর্মবিরতি চলবে। তবে গ্রেফতার না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্ব্বাবধায়ক ডা. তাপস কুমার সরকার।
উল্লেখ্য, রবিবার সকালে শহরের ফৌজদারীপাড়ার আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তিকে হার্টের অসুখে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এতে রোগীর স্বজনরা নার্স দিপালী রোজারিও এবং আনোয়ারা খাতুনকে বেধড়ক মারপিট করে। এই ঘটনার প্রতিবাদে হাসপাতালের চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি শুরু করে।