রায়পুরায় বিএনপির
পাল্টা কমিটি
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২০:৫১
রায়পুরা উপজেলা বিএনপির পাল্টা-পাল্টি আহবায়ক কমিটি গঠন হওয়ায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। রূপ নিচ্ছে প্রকাশ্য দলীয় কোন্দলে। জানা যায়, বর্তমান জামাল আহম্মেদ চৌধুরীর নেতৃত্বাধীন আহবায়ক কমিটি গত প্রায় দেড়বছর পূর্বে গঠিত হয়। নিয়ম অনুযায়ী আহবায়ক কমিটি গঠনের পর সর্বোচ্চ ৬ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও তখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। ফলে দলের প্রবীণ নেতাকর্মীরা রয়েছেন বিপাকে। এতে উপজেলা বিএনপির মধ্যে দেখা দিয়েছে দলীয় কোন্দল। আর এ দলীয় কোন্দলের ফলে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কর্মসূচিও উপজেলায় সঠিকভাবে পালন হচ্ছে না। আবার মাঝে-মধ্যে দলের বিভিন্ন গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি পালন করতে দেখা যায়।
সমপ্রতি, রায়পুরা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে উপজেলা বিএনপির প্রবীণ নেতা ইউনূছ মিয়া খন্দকার আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক আ. রহমান খোকনকে সদস্য সচিব করে ২০১ সদস্যবিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটি গঠন হয় এবং কমিটির পরিচিতি সভা গত ৫ জানুয়ারি নরসিংদী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর অপর আহবায়ক কমিটির নেতাকর্মীদের মাঝে দেখা দেয় চরম ক্ষোভ ও উত্তেজনা।