সাভারে প্রবাসীর
বাড়িতে ডাকাতি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৩, ২১:০০
সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় এক ইটালী প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই শাহ জালাল বাদী হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেছে। প্রবাসী মাসুদ রানা ডিসেম্বরের ৩০ তারিখে দেশে বেড়াতে আসেন।
মামলার বাদী শাহ জালাল জানান, রাত ৪টার দিকে ১০/১৫ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত বাড়ির কেচি গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা এবং ওয়াড্রব থেকে ৫০ ভরি স্বর্ণ, ৮ হাজার ইউরো (টাকার অংকে যা প্রায় ৯ লাখ টাকা) এবং নগদ ৮০ হাজার টাকা লুট করে। ডাকাতদের বাধা দিতে গেলে বাদীর ভাতিজা হূদয়কে (১৫) ডাকাতরা মারধর করে বলে জানান শাহ জালাল।
একজনের মুখোশ খুলে গেলে তাকে পরিবারের লোকেরা চিনতে পারে। তার বাড়ি ওই এলাকাতেই। নাম মনির হোসেন, পিতা মজিবুর রহমান বলে মামলায় উল্লেখ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
আওয়ামী লীগের দুই
নেতার হাতাহাতি
রবিবার সকালে সাভার উপজেলা চত্বরে স্থানীয় সংসদ সদস্যের অফিসের সামনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আ: হালিম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আবু সাঈদের লোকজন আ: হালিমের ওপর হামলা করে তাকে আহত করে।
জানা গেছে, পৌর এলাকার কাতলাপুরে জেলা পরিষদের জমি লিজ নিয়ে বেসরকারি অর্থায়নে ‘কাতলাপুর বিদ্যানিকেতন’ নামে একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছিল।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব পান আ: হালিম। তিনি বিদ্যালয়ের নাম তার পিতা-মাতার নামে নামকরণ করার দাবি করেন। কিন্তু আবু সাঈদ তাতে আপত্তি জানান। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এই ঘটনার জের ধরে রবিবার তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।