নারী নির্যাতনের বিরুদ্ধে বিবেক জাগ্রত করতে হবে

দেশব্যাপী নারী হত্যা, নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নারী নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ। তারা বলেছেন, বর্তমানে দেশব্যাপী যেভাবে নারী নির্যাতন, নারী হত্যা, ধর্ষণ একের পর এক ঘটে চলেছে তাতে গোটা জাতি আজ বিস্মিত। নারী হত্যা, নির্যাতন, ধর্ষণকারীদের কঠোর হস্তে দমন করার জন্য বিচার করতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে মানুষের বিবেককে জাগ্রত হতে হবে। গতকাল সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের সমন্বয়কারী লাভলী ইয়াসমিন। বক্তারা আরো বলেন, দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারের রায় ঘোষণা হতে যাচ্ছে সেই মুহূর্তে সারা দেশব্যাপী যেভাবে নারী ও শিশুর উপর হত্যা, নির্যাতন ও গণধর্ষণ শুরু হয়েছে তাতে আমরা স্তম্ভিত হয়ে যাচ্ছি। আমরা মনে করি, যুদ্ধাপরাধীদের বিচারকে বানচাল করার জন্যই কিছু কুচক্রী মহলের ইন্ধনে সামগ্রিক বিষয়বস্তুকে পাশ কাটানোর জন্যই এসব কর্মকাণ্ড ঘটানো হচ্ছে। এ ব্যাপারে আমরা সরকারের কঠোর দৃষ্টিপাত প্রত্যাশা করছি। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হোসাইন, জাহানারা বেগম, শহীদুল্লাহ বাদল, শফিকুল ইসলাম, ফেরদৌসী বেগম, গোলাম রাব্বানী জামিল, আব্দুল ওয়াহেদ, শামীমা আক্তার শিরীন, সুমাইয়া ইসলাম, রফিকুল ইসলাম সুজন প্রমুখ। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি তৌহিদুর রহমান এবং বাংলাদেশ জাতীয় গার্মেন্টস ঐক্য পরিষদের সমন্বয়কারী সিরাজুল ইসলাম রনি, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার নাহার, বাংলাদেশ স্বাস্থ্যসেবা কর্মী সংঘ’র সভাপতি আশা, দলিত নারী ফোরামের সভাপতি মনি রানী দাস।