ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রশিক্ষণ কর্মসূচি শুরু

বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী অর্জনে দক্ষ করে তুলতে শুরু হয়েছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। গতকাল সোমবার রাজধানীর বিওয়াইএলসি’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে ‘পঞ্চম বিল্ডিং ব্রিজ থ্রু লিডারশিপ ট্রেনিং-জুনিয়র প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন সংস্থার সভাপতি ইজাজ আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ঢাকার ভবিষ্যত্ নির্ভর করছে সম্ভাবনাময় নতুন প্রজন্মের উপর। তারাই একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামি সুনিশ্চিত করতে পারে। আমাদের বিশ্বাস, এই প্রশিক্ষণের মাধ্যমে সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার জন্য সচেতন নাগরিক গড়ে উঠবে। আয়োজকরা জানান, মাসব্যাপী এ প্রশিক্ষণে ঢাকার ১৭টি খ্যাতনামা স্কুল ও মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এই প্রোগ্রামটি ৩টি অংশে কাজ করে। যার প্রথম অংশে বিভিন্ন শিক্ষা মাধ্যম হতে আসা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরির জন্য কাজ করা হয় এবং শিক্ষার্থীদের পাবলিক স্পিকিং, সমাজের সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধান বের করা শেখানো হয়।